ইসলাম টাইমস ডেস্ক ।। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বুধবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯০০, মংলা থেকে ৮১৫ এবং পায়রা থেকে ৮১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে।
এদিকে, বৃষ্টির কারণে পাহাড় ও ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন, চলছে অন্যান্য সব প্রস্তুতির কাজ। এরই মধ্যে স্থানীয় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গা; ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গা; রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ, ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। #
















