মুসলিম উম্মাহর সংকট প্রশ্নে ডিসেম্বরে মালয়েশিয়ায় বৈঠকে বসছে পাঁচ মুসলিম দেশ

ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ায় আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বরে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ এর মাধ্যমে মুসলিম উম্মাহ সম্পর্কিত সমস্যা সমাধানের প্রচেষ্টায় বৈঠকে বসতে যাচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার।

সামিট উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ বলেন, শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্ব যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ে আলোচনা এবং সমাধান পেতে মালয়েশিয়া ও চারটি মুসলিম দেশ এক সাথে কাজ করবে।

সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, কাতারের আমির শেখ তামিম হামাদ আল-থানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন মাহাথির মোহাম্মদ।

 

মাহাথির বলেন, আমরা আলোচনার জন্য অল্প কয়েকটি দেশ নিয়ে বসতে যাচ্ছি। অনেকগুলো দেশ একসাথে বসলে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হতে পারে যা মুসলিম উম্মাহর সমস্যা সমাধানের পথে বাধা হতে পারে। তবে আমরা আশা করছি ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলো আমাদের সাথে যোগদান করবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই বৈঠকের মূল বিষয় হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব অর্জন করা। এই সম্মেলনে ইসলামী বিশ্বের ৪৫০ জন নেতা, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন।

শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান ডাঃ মাহাথির বলেছেন, সাতটি বিষয়কে প্রধানত গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা। সূত্র: নিউ স্টেইট টাইমস ও মালয় মেইল।
পূর্ববর্তি সংবাদকক্সবাজারে অস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ
পরবর্তি সংবাদমহা নাটকের পর মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি