ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নেমেছেন ভারতের এক এমপি। সারা দেশে পেঁয়াজের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের মতো রীতিমত খেপেছেন বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির বিধায়ক (এমপি) শিবচন্দ্র রাম। প্রতিবাদ জানিয়ে বুধবার তিনি পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় আসেন। খবর এনডিটিভির।
শিবচন্দ্র রামের অভিযোগ, পেঁয়াজের দাম বাড়তে থাকায় মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে হয়েছে (ভারতে) অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি ১০০ টাকা কেজিতে কিনেছি।
তিনি বিধানসভায় ঢোকার আগে বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। আমার দাবি, গরিবদের জন্য ১০ টাকা প্রতি কেজি মূল্যে পেঁয়াজ সরবরাহ করুক সরকার।
















