ইসলাম টাইমস ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবদুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় সোনাকুড়ের মেস থেকে নোমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ জানা যায়নি।
নোমানের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
নোমান বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
ওই মেসে থাকা অন্য শিক্ষার্থীদের তথ্যমতে, রাত সাড়ে ১০টার দিকে তাঁরা নোমানের কক্ষ থেকে পানি বের হতে দেখেন। দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্য শিক্ষকেরা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে নোমানের মৃতদেহ উদ্ধার করেন।
















