খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, শুনানি পেছাল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আগামী ৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বোর্ডকে এই আদেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি একই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান।

এর আগে চ্যারিটেবল মামলায় গত ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন।

এরপর গত ১৪ নভেম্বর হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার ওই আপিল আবেদন দাখিল করা হয়।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থদণ্ড স্থগিত এবং সম্পত্তি জব্দের ওপর স্থিতাবস্থা দিয়ে দুই মাসের মধ্যে ওই মামলার নথি তলব করেছিলেন আদালত।

এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন।  এ মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদআলবেনিয়ার সাহায্যে মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান এরদোগানের
পরবর্তি সংবাদরফতানি কম, বন্ধের পথে কারখানা, কাজ হারাচ্ছে শ্রমিকরা