কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কানাডার লেক ওন্টারিও উপকূলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন কানাডার এবং ৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

বৃহস্পতিবার কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি এই তথ্য জানায়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পরে ওন্টারিওর কিংসটন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমানটি খুঁজে বের করতে পুলিশ, সামরিক দল এবং হেলিকপ্টার নিযুক্ত করা হয়। কানাডার সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানটির পাইলট ছিল টেক্সাসের এবং ওই বিমানে পাইলটের স্ত্রী ও তিন সন্তান ছিল।

কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এক মুখপাত্র বলেন, বিমানটির ফ্লাইট রেকর্ডার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এছাড়া কন্ট্রোল টাওয়ারের সঙ্গে রেডিও যোগাযোগে পাইলট কী বলেছিলেন তা সংগ্রহের চেষ্টা চলছে। এগুলো সংগ্রহ করা সম্ভব হলে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তি সংবাদচলতি বছরে ১০ মাসে ১২৫৩ জন নারী-শিশু ধর্ষণের শিকার
পরবর্তি সংবাদমধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে নৌ ধর্মঘট