ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।
এদিকে সকাল থেকে সম্মেলনস্থলে ভিড় করেন নেতাকর্মীরা। ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন কর্মীরা। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশ পোস্টারে ছেয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।
















