ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (১ ডিসেম্বর) তিন দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে তার এ সফর।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।
বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সম্মেলনটির এবছর নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেয়।
পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু বৈঠকের আগে সামাজিক অস্থিরতা গত অক্টোবরের শেষের দিকে উক্ত দেশটিকেও স্বাগতিক হওয়া থেকে সরে যেতে বাধ্য করে। তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষের দেশ স্পেন এর স্বাগতিক হয়। বাসস
















