ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্য ডাঙ্গাপাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবিদা সুলতানা মীম। সে ওই গ্রামের আরিফুল ইসলামের একমাত্র মেয়ে। রাত সাড়ে ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
শিশুটির মা নাসরিন জাহান জানান, শনিবার দুপুর ৩টার দিকে মীমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ সময় মীমের খেলার সাথী জিয়াদ জানায়, মীমকে চকলেট দেয়ার কথা বলে পাশের বাড়ির আমিনুল ইসলামের ছেলে আমজাদ ডেকে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমজাদের বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়।
এ সময় গ্রামবাসীদের চাপে আমজাদ চাবি আনার কথা বলে পালিয়ে যান। পরে পুলিশের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে টেবিলের নিচ থেকে মীমের নিথর দেহ উদ্ধার করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবক পলাতক রয়েছে। তবে ধর্ষণকারীর চাচাকে আটক করা হয়েছে।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
















