স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ ছাত্রকে কুপিয়ে জখম

ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুর সদর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উকিলবাড়ি এলাকার তালেব আকনের ছেলে শফিকুল ইসলাম ও ইয়ার বেপারীর ছেলে আরমান বেপারী। তারা দুজনই ওই এলাকার অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং উত্ত্যক্তের শিকার ছাত্রীও একই স্কুলের।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলছিল। সোমবার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটেরা। এ সময় ওই ছাত্রীর হাতে জোর করে নিজেদের মোবাইল নম্বর দেওয়া ও ওড়না টেনে নেওয়ার চেষ্টা করে তারা।

ঘটনাটি দেখতে পেয়ে ওই স্কুলের কয়েকজন ছাত্র প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে রনি শিকদার, সাইফুল শেখ, রানা শিকদার ও মো. আশিক চাকু দিয়ে শফিকুল ও আরমানকে জখম করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র ও বখাটেদের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহত স্কুলছাত্র শফিকুল ইসলাম জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলের ওই ছাত্রীকে কয়েকজন উত্ত্যক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের চাকু দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা।

এ ব্যাপারে স্কুলের প্রধানশিক্ষক মো. সাইদুর রহমান জানান, ঘটনার কথা তাৎক্ষণিকভাবে আমার জানা ছিল না, পরে জেনেছি। আমরা বখাটেদের শাস্তির দাবি জানাই, যাতে করে এমন ঘটনা আর না ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্যা জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদরাজশাহী সীমান্তে অবৈধভাবে চৌকি বসিয়েছে বিএসএফ
পরবর্তি সংবাদত্রিশালে প্রাইভেটকার খাদে, এএসআইসহ নিহত ২