ইসলাম টাইমস ডেস্ক: গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নূরুল ইসলামের আলোচিত রহস্যজনক মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে মন্তব্য করে এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নূরুলের স্ত্রী রুবি রহমান।
আজ বুধবার নূরুল ইসলাম ও তার একমাত্র ছেলে ইসলাম তমোহরের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুবি রহমান।
আলোচিত রহস্যজনক এ মৃত্যুর তদন্ত ২০১৮ সালের ৯ জানুয়ারি থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করছে। এর আগে এ মামলা তদন্তের দায়িত্বে ছিল সিআইডি, র্যাব ও ডিবি।
২০০৮ সালের ৩ ডিসেম্বর রাতে রাজধানীর লালমাটিয়ায় স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাটে নূরুল ইসলাম ও তার ছেলে ইসলাম তমোহর ঘুমন্ত অবস্থায় রহস্যজনক দগ্ধ হন। এ ঘটনায় তমোহর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নূরুল ইসলাম সাময়িকভাবে জ্ঞান ফিরে পেলেও চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর বিকেলে মারা যান। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।
নূরুল ইসলামের মৃত্যুর প্রকৃত তথ্যানুসন্ধান হয়নি বলে অভিযোগ করেন নূরুল ইসলামের স্ত্রী রুবি রহমান। ব্রিফিংয়ে রুবি রহমান বলেন, স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের বাড়িওয়ালার (হাবিবুর রহমান মিজান) ভূমিকা সন্দেহজনক ছিল। সন্দেহজনক ভূমিকার বিষয়টি প্রাথমিকভাবে থানায় অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল। অথচ মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এ বিষয়টি আমলে নেননি। একজন ‘সম্মানিত নাগরিক’ হিসেবে বিবেচনা করে মিজানকে তখন তদন্তের বাইরে রাখা হয়েছিল। গত অক্টোবর মাসে মিজান গ্রেপ্তার হয়েছে। এখন স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের বাড়িওয়ালা মিজানকে তদন্তে আনা প্রাসঙ্গিক বলে মনে করছেন। দুর্নীতির মাধ্যমে মিজান সম্পদ তৈরি করেছেন তা এখন সবাই জানেন।
















