ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির পরিণতি মুসলীগ লীগের মতো হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন অস্তিত্ব সংকটে। এদের পরিণতি হবে মুসলিম লীগের মত।
রোববার দুপুরে বরিশাল মহানগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে সেতু মন্ত্রী বলেন, বিএনপি এখন মরা গাঙে পরিণত হয়েছে। স্রোতহীন এই গাঙে আর কখনো জোয়ার আসবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদার জিয়ার দুই বছরের কারাভোগের ২ মিনিটের জন্যও আন্দোলন সংগ্রাম করতে পারেনি। তারা শুধু দলীয় আবাসিক অফিসে প্রেস কনফারেন্স করছে। জনগণ এখন তাদের আন্দোলন সংগ্রাম প্রত্যাখ্যান করেছে। তাই বলা যায় বিএনপির নেতৃত্ব মরা গাঙে আর কোনো দিন জোয়ার আসবে না।
তিনি বলেন, বিএনপি এখন নালিশী পার্টিতে পরিণত হয়েছে। দেশ-বিদেশে নালিশ করে বেড়াচ্ছে। কেননা তাদের এখন নেতৃত্ব সংকট দেখা দিয়েছে।
















