ইসলাম টাইমস ডেস্ক: চেতনাধারী একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ অত্যন্ত কদর্যভাবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভাবমূর্তি বিনষ্ট করতে চাচ্ছে। তাদের এমন একটা মনোভাব কাজ করে যে, মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদারিটা তাদের। যে স্বাধীনতার চেতনা নিয়ে কথা বলেন, সেটাকেই বিকৃত করার চেষ্টা করেন তারা।
রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভাশেষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা বিএনপি করেন, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও জেলার নেতারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।
বিএনপি মহাসচিবের অভিযোগ, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র; সেই গণতন্ত্রকে তারা নিজেরা বারবার ধ্বংস করেছে। এ কথা তারা আলোচনায় একবারের জন্যও আনেন না।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে যে নাটক করছেন, তা বন্ধ করুন। তার জীবন রক্ষা করার জন্য জামিনে মুক্ত করুন, অন্যথায় এ দেশের মানুষ কখনও ক্ষমা করবে না। তখন আপনারাই ক্ষমার অযোগ্য হবেন। সেই সময় আসার আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন।
















