পরকীয়া প্রেমিকার জন্য ইলেকট্রিশিয়ানকে পেটালেন আ.লীগ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: পরকীয়া প্রেমিকার বাসায় কলিং বেল লাগাতে দেরি করায় এক ইলেকট্রিশিয়ানকে মারধর করার অভিযোগ উঠেছে বরিশাল মহানগরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তার কিল-ঘুষিতে ইলেকট্রিশিয়ান মো. মিলনের কপাল ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত সোমবার বিকেলে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের এক বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম হুমায়ুন সিকদার। তিনি বরিশাল মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি।

আর ভুক্তভোগী মিলন খান সড়ক এলাকার বাসিন্দা। ওই এলাকার ডিস ব্যবসায়ী আসলাম খানের ডিস লাইনের কাজ করেন। পাশাপাশি ইলেকট্রিকের কাজ করেন মিলন।

মিলন বলেন, গতকাল সোমবার সকালে ওই নারী তার বাসায় কলিং বেল লাগিয়ে দিতে বলেন। কিন্তু সারা দিন ব্যস্ত থাকায় বিকেলে কলিং বেল লাগাতে যান তিনি। এ সময় দেরি হওয়ায় ওই নারী অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে জুতা দিয়ে মারধর করেন এবং মুঠোফোনে আওয়ামী লীগ নেতা হুমায়ুন সিকদারকে খবর দেন। কিছুক্ষণের মধ্যে হুমায়ুন সিকদার ওই বাসায় গিয়ে কলাপসিবল গেট আটকে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা জানান, খান সড়কের এক নারীর সঙ্গে হুমায়ুনের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক। এর আগেও তিনি একাধিকবার ওই নারীকে নিয়ে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে প্রভাবশালীদের দ্বারস্থ হয়ে রক্ষা পান আওয়ামী লীগ নেতা হুমায়ুন সিকদার।

পূর্ববর্তি সংবাদরাজ্যসভায় উঠল ভারতের নাগরিকত্ব বিল
পরবর্তি সংবাদমানবতাবিরোধী অপরাধ: টিপু সুলতানকে মৃত্যুদণ্ডের আদেশ