ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজ্যসভায় পাস হওয়া সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদের মুখে জারি করা কার্ফিউ ভেঙ্গে বিক্ষোভে নেমেছে উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের বাসিন্দারা। রাতভর বিক্ষোভের পর ঐ রাজ্যে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
কার্ফিউ উপেক্ষা করে বিক্ষোভে নামা জনতার বুকে গুলি চালায় স্থানীয় পুলিশ। পুলিশের গুলিতে তিন জনের মৃত্যু হয়েছে সেখানে। গুলিবিদ্ধ হয়ে গৌহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন দু’জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির লালুঙ গাঁও-তে এ দিন বিক্ষোভ সামাল দিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিশ। উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। তাতেই পাঁচ জন জখম হন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই তিন জনের। সূত্র : আনন্দবাজার
















