ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে তালিবানের পোশাকে সজ্জিত স্থানীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে অপর ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এ কথা নিশ্চিত করেছেন। খবর সিনহুয়া’র
জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কারাবাগ জেলার একটি চেক পয়েন্টে তালিবানের পোশাকে সজ্জিত স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য হামলাটি চালায়। তারা নিজ বাহিনীর ঘুমিয়ে থাকা অপর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ২৩ জনের প্রাণহানি হয়। পরে হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
এ দিকে বিষয়টি নিশ্চিত করে কারাবাগ জেলা প্রধান হাবিবুল্লাহ বলেন, ‘লিওয়ানা বাজার এলাকায় মর্মান্তিক এই হামলাটি ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
















