রাজাকারের প্রথম তালিকায় ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপুর নাম!

ইসলাম টাইমস ডেস্ক: সরকার কর্তৃক প্রকাশিত রাজাকারের প্রথম তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপুর নাম এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে গতকাল ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রকাশিত ওই তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুসহ পাঁচজনের নাম রয়েছে।

টিপুর নামের সঙ্গে থাকা অন্যরা হলেন- অ্যাডভোকেট মহসিন আলী, অ্যাডভোকেট আব্দুস সালাম, তৎকালীন জেলা প্রশাসক আব্দুর রউফ ও পুলিশ কর্মকর্তা এস এস আবু তালেব।

রাজশাহী বিভাগে স্বাধীনতাবিরোধীদের এক থেকে ১৫৪টি তালিকা প্রকাশ করা হয়েছে। এসব তালিকায় কয়েকশ ব্যক্তির নাম রয়েছে। যাদের কয়েকজনের নাম দ্বিতীয়বারও রয়েছে।

৮৯ নম্বর তালিকায় (ক্রমিক নম্বর ৬০৬) থাকা এই পাঁচজনের মন্তব্যের ঘরে লেখা আছে তাদের অব্যাহতি দিতে জেলা কমিটি আবেদন করেছিল। এর বাইরে কোনো তথ্য নেই।

গোলাম আরিফ টিপুর ঘণিষ্ঠ জনরা দাবি করছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন টিপু। যাদের নেতৃত্বে রাজশাহীতে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, টিপু তাদের অন্যতম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জে ৫ সদস্যবিশিষ্ট স্টিয়ারিং কমিটির একজন সদস্যও ছিলেন টিপু।

এছাড়া অ্যাডভোকেট মহসিন আলী ও অ্যাডভোকেট আব্দুস সালাম তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্র থেকে দাবি করা হযেছে।

রাজশাহীর মুক্তিযুদ্ধের গবেষক ওয়ালিউর রহমান বাবু গণমাধ্যমকে বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তাদের নামও যদি রাজাকারের তালিকায় থাকে, সেটি হবে চরম লজ্জাজনক।

পূর্ববর্তি সংবাদস্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদবিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলা করল আওয়ামী লীগেরই একটি পক্ষ