সর্বোচ্চ সংখ্যক লোকের উপস্থিতিতে চলছে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ, সবার দোয়া কামনা

তারিক মুজিব ।।

২০২০ সালের বিশ্ব ইজতেমা অত্যাসন্ন। আগামী ১০ জানুয়ারী থেকে আলেমদের তত্ত্ববধানে শুরু হবে আলমী শুরার সাথীদের এ বছরের ইজতেমা। ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগ পাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। স্বপ্রণোদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা শামিল হচ্ছেন ইজতেমার মাঠ প্রস্তুতির মুবারক কাজে।

এ বছর অনুষ্ঠিত হবে ৫৫ তম বিশ্ব ইজতেমা। আসন্ন ইজতেমার বাকি আর ২২ দিন। ইজতেমার মাঠ প্রস্তুতি বিষয়ে কথা হয় টঙ্গী মারকাযের সাথী মাঠের কাজের অন্যতম জিম্মাদার মোস্তফা ইসলামের সাথে। তিনি জানান ব্যাপক সংখ্যক লোক এ বছর ইজতেমার কাজে অংশ নিচ্ছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে জামাতবন্দী হয়ে অনেক লোক আসছেন ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করতে। ছুটির দিনে মাদরাসার ছাত্ররাও অংশ নিচ্ছেন কাজে। এত অধিক লোক এর আগে কখনো কাজ করতে আসেননি বলেও জানান তিনি।

সারা দেশব্যাপী আলমী শুরার সাথীদের ইজতেমা একসাথে হওয়ায় অনেক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনা করে এ বছর মুরুব্বীরা ইজতেমার জায়গা সম্প্রসারণের চিন্তা করেছেন বলে জানিয়েছেন টঙ্গী মারকাযের সাথী মোস্তফা ইসলাম। তিনি বলেন, সাথীদের স্থান সঙ্কুলানের বিষয় বিবেচনা করে এ বছর বেড়িবাঁধের পশ্চিম পাশে, বাটা কোম্পানীর মাঠে, হুন্ডা ভবনের খালি অংশও ইজতেমার জন প্রস্তুত করা হচ্ছে।

গত শুক্রবারে মাঠে কাজ করে আসা জামিয়া রাহমানিয়ার ( আবরার) সাবেক ছাত্র মাওলানা আবদুর রহমান জানান, আমরা রাহমানিয়া থেকে মাদরাসা ছাত্র ও সাধারণ সাথীদের ৭ শত জনের একটি জামাত গিয়েছিলাম কাজ করতে। কাজ করতে গিয়ে আমরা রীতিমতো অবাক। প্রচুর মানুষ জমায়েত হয়েছেন কাজের জন্য। কাজও চলছে পুরোদমে। কেউ মাটি কাটছেন, কেউ ময়লা পরিস্কার করছেন। কেউ শামিয়ানার কাজ করছেন। কেউ খুটি স্থাপন করছেন। নতুন কিছু মাঠও সংযোজন করা হয়েছে এবার। জুমায় প্রায় ত্রিশ হাজার লোকের জামাত হয়েছে। সবাই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বপ্রণোদিত হয়ে ইজতেমার কাজে শরিক হতে।

আরজাবাদ মাদরাসার মাওলানা রবিউল ইসলাম জানান, গত শুক্রবারে আরজাবাদের আশ পাশ থেকে অনেক লোক শরিক হয়েছেন ইজতেমার কাজে। বিভিন্ন সংগঠনের ব্যানারেও ইজতেমার মাঠে কাজ হতে দেখা গেছে।

টঙ্গী মারকাযের সাথী মাঠের কাজের অন্যতম জিম্মাদার মোস্তফা ইসলাম আরও বলেন, গতকাল ছিল সরকারি ছুটির দিন। কাজের জন্য মাদরাসার ছাত্র এবং সাধারণ সাথীদের এত বিপুল সংখ্যক লোক গতকাল মাঠে জমায়েত হয়েছিলেন যে, একটি ছোটখাটো ইজতেমাই গতকাল টঙ্গীর মাঠে কায়েম হয়ে গিয়েছিল।

মাঠে কাজ করতে আসা উপস্থিত লোকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে মোস্তফা ইসলাম বলেন, প্রশাসন থেকে নিরাপত্তা বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। সাথীরা নির্ভয়ে কাজে অংশগ্রহণ করছেন।

তিনি ইজতেমার কামিয়ামি ও সফলতার জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তি সংবাদএকাত্ত‌রের প‌রে কোনো মুসলমান ভার‌তে যায়‌নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা, আহত কয়েকজন