ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকার ও রাশিয়ার যৌথ পৃথক বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে এক মা ও তার তিন সন্তানসহ একই পরিবারের ছয়জন রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইদলিবের বাদমা গ্রামে বিমান থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে ১৪ জন নিহত হয়েছেন। আর মাসারান শহরে বিমান থেকে বোমা বর্ষণ করা হলে মারা যায় আরও চারজন।
এ হামলার কথা স্বীকার করেছেন সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আহমেদ শেইখো। তিনি জানিয়েছেন, ইদলিবের তুরস্ক সীমিান্ত ঘেষা অঞ্চলে গতকাল মঙ্গলবার বিমান হামলা চালানো হয়েছে।
ইদলিব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ কারীদের নিয়ন্ত্রণে থাকার শেষ বড় অঞ্চল। জাতিসংঘ বলছে, এ অঞ্চলে ৩ মিলিয়ন মানুষ রয়েছেন যার এক মিলিয়নই শিশু। এখানকার ৪০ শতাংশ মানুষ গৃহযুদ্ধ লাগার পর অন্য অঞ্চল থেকে আসা।
সিরিয়ায় বাশার আল আসাদের পক্ষে কাজ করেছে রাশিয়া, আর তুরস্কের অবস্থান ‘বিদ্রোহী’দের পক্ষে গেছে। এমন পরিস্থিতিতে সরকার গত আগস্ট থেকে হামলা বন্ধ রেখেছে। যদিও মাঝেমধ্যেই সিরিয়ায় হতাহতের ঘটনা ঘটে।
















