দেবে গেছে ব্রিজ, ভোগান্তিতে উত্তরাঞ্চলের ৯ জেলার মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতি এলাকার পুরাতন একটি ব্রিজের পাটাতন ভেঙে দেবে যাওয়ায় এ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ৯ জেলার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ কারণে উত্তরাঞ্চলের ৯ জেলা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার মধ্যে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে চলাচলকারী যাত্রীরা।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ভূইয়াগাঁতি ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ মহাসড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করছি ভোরের মধ্যে বিকল্প সড়কটি নির্মাণ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ৪/৫ দিন আগে পুরাতন ব্রিজটির পাটাতন ৫/৬ ইঞ্চি দেবে গিয়েছিল। ওই অবস্থাতেই যানবাহন চলাচল অব্যাহত ছিল। কিন্ত আজ ভোরে ব্রিজটির একটি পাটাতন ২/৩ ফুট দেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হলেও সন্ধ্যার পর ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদআগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ: অমিত শাহকে মমতা
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ১০