ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়া সীমান্তে টহলরত বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে সীমান্তের নাফ নদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা মারা যান।
পুলিশ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
















