ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইয়াহুদি রাষ্ট্র ইসরাইলের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-আইসিসি)। নেদারল্যান্ডসের দ্য হেগে শুক্রবার এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা এ ঘোষণা দেন।
ফাতো বেনসুদা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত প্রক্রিয়া শুরু করার যৌক্তিক সব কারণই রয়েছে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে।
বেনসুদা আরও বলেন, যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এ তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই। তবে কোনো ভূ-তাত্ত্বিক অবস্থানকে তদন্ত করতে পারবে তার টিম সে ব্যাপারে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের কাছে রুল আবেদন করেছেন বেনসুদা।
এদিকে আইসিসির যুদ্ধাপরাধ তদন্তের এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুদ্ধাপরাধ তদন্ত করার ‘এখতিয়ার এ আদালতের নেই।’ ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে আদালতকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
















