মৃত কারাবন্দির শরীরে মিলেছে জখমের চিহ্ন

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী যুবক আলমগীর হোসেনের (৩৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন আলমগীরের শরীরে জঘমের চিহ্ন পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে নিহতের ময়নাতদন্ত শেষে তিনি এ তথ্য জানান।

এদিকে আলমগীরের পরিবারের অভিযোগ, ১৬ ডিসেম্বর রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আলমগীরকে ইয়াবা দিয়ে আটক করে। পরে থানা হেফাজতে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এই নির্যাতনের কারণেই আলমগীরের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, মরদেহের নিতম্বে কিছু জখমের চিহ্ন পাওয়া গেছে। তার হার্টেও সমস্যা পাওয়া গেছে। ভিসারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আব্দুর রাজ্জাক জানান, আলমগীর পেশায় একজন প্রাইভেটকারচালক ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালিবাড়ি এলাকায়। ঢাকায় তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়াতে থাকতেন। আলমগীরের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

থানায় ধরে এনে নির্যাতনের কারণে আলমগীরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘গত ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে (আলমগীর) আটক করে নিয়ে যায়। পরদিন সকালে আমরা সংবাদ পাই।’

তিনি দাবি করেন, ‘আলমগীরকে থানায় বেধড়ক মারধর করেছে পুলিশ। তাকে আদালতে নেওয়ার জন্য পুলিশ যখন গাড়িতে তোলে, সে তখন খুবই অসুস্থ ছিল। কয়েকজন টেনে নিয়ে তাকে গাড়িতে তোলে। পরে আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশের নির্যাতনে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ‘আলমগীরকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। এই অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আমরা রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠায়।’

থানা হেফাজতে আলমগীরকে কোনও ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি।

 

পূর্ববর্তি সংবাদঅতিরিক্ত ইয়াবা সেবনে ব্রিটিশ কাউন্সিলের ছাত্রীর মৃত্যু
পরবর্তি সংবাদহাততালি কম হওয়ায় সমাবেশে যা করলেন মোদি