ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সংসদে পাস হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে সারা দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব প্রতিবেশী হিসেবে বাংলাদেশের উপরও পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পাশাপাশি ভারতকে তিনি বাংলাদেশের এক নম্বর বন্ধু হিসেবেও আখ্যায়িত করেছেন।
রোববার ভারতের সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারতের ১ নম্বর বন্ধু। সুতরাং ভারতে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে প্রতিবেশীদের ওপর এর প্রভাব পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখন এটি অনেক দেশের ওপর প্রভাব ফেলেছে। কারণ আমরা গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি। যে কারণে আমরা আশঙ্কা করছি যে, ভারতে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে এটি প্রতিবেশীদের ওপর প্রভাব ফেলতে পারে।
তবে ভারতের প্রতি বাংলাদেশের আস্থা আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ভারত সরকার আমাদের বারবার আশ্বস্ত করেছে যে এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারা আইনি এবং অন্যান্য কারণে এটির বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, কোনো অবস্থায়ই এটি বাংলাদেশের ক্ষতি করবে না। বলে জানিয়েছেন আব্দুল মোমেন।
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার গত ১১ ডিসেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় মুসলমানদের প্রতি বিদ্যেষপূর্ণ বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে পুলিশের গুলিতে বিভিন্ন ২৬ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।
















