ইসলাম টাইমস ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে গড়ে ওঠা ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আওয়ামী লীগের কার্যালয় অক্ষত রয়েছে। আজ সোমবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেওয়াল ঘেঁষা (একই দেওয়ালের) উত্তর ও দক্ষিণ পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অক্ষত রয়েছে।
এ ছাড়া একটি মসজিদসহ উপজেলার জয়পুরস্থ শ্মশান-মন্দিরের কিছু অংশও অক্ষত রয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, গরিব ব্যবসায়ী ও মানুষদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ অফিস রয়েছে অক্ষত।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেন, ‘কর্তৃপক্ষের কাছে তিন সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিলাম। কর্তৃপক্ষ দুসপ্তাহ সময় দিয়েছেন। স্থাপনা সরিয়ে নেব।’
পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার বলেন, ‘৩৬টি অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ও অবৈধ স্থাপনার আওতায় রয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুসপ্তাহ সময় নিয়েছেন। মসজিদ ও মন্দির কমিটিকেও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।’
উচ্ছেদ অভিযান চলাকালে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















