ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে দেশটির কয়েক হাজার মুসলমান সড়কে নেমে বিক্ষোভ করছেন। খবর রয়টার্স-র।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরের শহর মোত্তার মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। যার প্রতিবাদে ও দুর্বৃত্তদের বিচারের দাবিতে একে একে সড়কে নামতে শুরু করেন স্থানীয় মুসলিম জনতা।
প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ কামিল শেমসু অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, দেশটিতে এখনো অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যারা এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের লোকজনকে লেলিয়ে দিতে চায়। অ্যাক্টিভিস্টদের নেতিবাচক ভূমিকা এবং অনলাইনে প্রচারিত ভিডিওগুলোর কারণেই এমনটা ঘটছে।
সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে অসমর্থতার ব্যাপক সমালোচনা করেন স্থানীয় মুসলমানরা।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন বলেছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন পূর্বে স্থানীয় অর্থোডক্স গির্জায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় মসজিদগুলোতে হামলা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, প্রায় ১১০ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে এক-তৃতীয়াংশই মুসলিম। তাছাড়া দেশটির ৪০ শতাংশ মানুষ অর্থোডক্স খ্রিস্টান। তবে আমহারা অঞ্চলে মুসলমানদের সংখ্যা খুবই কম। এলাকাটি অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত দ্বিতীয় জনবহুল এলাকা হিসেবেই পরিচিত। এখানকার ৮০ শতাংশের অধিক লোক খ্রিস্টান ধর্মের অনুসারী।
















