মুসলিম শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করালে ভারতে একজনও হিন্দু থাকতো না: ইহুদি ব্রাহ্মণ

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমান শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করালে বর্তমান ভারতে একজনও হিন্দু থাকতো না। এমনটাই দাবি করেছেন ইহুদি ব্রাহ্মণ এবং যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষা তাত্ত্বিক অধ্যাপক শেলডন পোলক।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, মুসলমান শাসকদের প্রায় ১২০০ বছর ভারত শাসনের ইতিহাস রয়েছে। এ সময়ের মধ্যে তারা চাইলে যা ইচ্ছা সবই করতে পারতেন। খবর রয়টার্স-র।

জানা যায়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ের অধ্যাপক শেলডন পোলক নিজেকে একজন ‘ইহুদি ব্রাহ্মণ’ হিসেবে পরিচয় দেন। সংস্কৃতিতে পারদর্শী এই অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মূর্তি ক্লাসিকাল লাইব্রেরি ইন্ডিয়া প্রকল্পের প্রতিষ্ঠাতা সম্পাদক।

সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে এসেছিলেন তিনি। সেখানেই পোলককে প্রশ্ন করা হয়, ‘অনেকে বলেন, ইসলামি আক্রমণের পর ভারতবর্ষে সংস্কৃতের পতন ঘটে। শাসকদের দাপটে সবাই উর্দু, ফার্সি শিখতে শুরু করেন।’

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্পূর্ণ বাজে কথা। আপনাদের বাংলার সুলতানি আমলেই কিন্তু নবদ্বীপ বা মিথিলা সংস্কৃত ন্যায় চর্চার কেন্দ্র হয়েছিল।’

পোলক আরও বলেন, ‘মুসলমান শাসকরা এ দেশে প্রায় ১২০০ বছর রাজত্ব করেছিলেন। তখন তারা জোরপূর্বক ধর্মান্তরিত করালে এ দেশে (ভারতে) একজন হিন্দুও অবশিষ্ট থাকত না। এর মানে ভারতীয় হিন্দুরা এতদিনে সবাই বিলীন হয়ে যেতো। এমনকি তাদের উৎসাহ না থাকলে সংস্কৃতও টিকত না। তাই ধর্মের সঙ্গে ভাষার উত্থানপতন গুলিয়ে কোনো লাভ নেই।’

পূর্ববর্তি সংবাদজাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, প্রধান পৃষ্ঠপোষক রওশন
পরবর্তি সংবাদনাটোরে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত