সাম্প্রদায়িকতাপূর্ণ আইন: আগমীকাল ভারতীয় মুসলিম সংগঠনগুলোর বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাম্প্রদায়িকতাপূর্ণ আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) ইস্যুতে বৈঠকে বসছে দেশের প্রথম সারির সমস্ত মুসলিম সংগঠন। আগামীকাল মঙ্গলবার হায়দরাবাদে ওই বৈঠক বসছে। খবর আনন্দবাজার পত্রিকা-র।

খবরে বলা হয়, সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদকে যেন ‘মুসলিম বিদ্রোহে’র তকমা লাগিয়ে আরএসএস-বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে, তার জন্য রণকৌশল স্থির করতেই বৈঠকে বসছে দেশের প্রথম সারির মুসলিম সংগঠনগুলো।

উত্তরপ্রদেশ ও দিল্লির পুলিশ যে ভাবে প্রতিবাদ দমনে ‘বর্বরতা’ চালাচ্ছে, তার মোকাবিলায় কী করণীয়, তা নিয়েও বৈঠকে কথা হবে বলে জানা গেছে।

বৈঠকে যোগ দেবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, দারুল উলুম দেওবন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামি হিন্দ, মুসলিম মজলিসে মুশাওয়ারাত-সহ একাধিক সংগঠন।

দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসিম নোমানি, জমিয়তের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেহমুদ মাদানি, পার্সোনাল ল বোর্ডের খালিদ সইফুল্লা রহমানির পাশাপাশি বেশ কিছু মুসলিম বিশিষ্ট জন ও আইনজীবীর ওই বৈঠকে থাকার কথা।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতায় শান্তিপূর্ণ ভাবে বিরাট জমায়েতের প্রেক্ষিতে জমিয়তের রাজ্য সভাপতি এবং এ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও হায়দরাবাদে ওই দিন আমন্ত্রণ জানানো হয়েছে।

সিপিআই (এম-এল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণনের অভিযোগ, যোগীর রাজ্যে পুলিশ সংখ্যালঘু মহল্লায় ‘অকথ্য নির্যাতন’ চালাচ্ছে। এমতাবস্থায় সর্বত্র শান্তি বজায় রাখাই মুসলিম সংগঠনগুলির প্রথম লক্ষ্য।

পূর্ববর্তি সংবাদএ বছর অগ্নিকাণ্ডে প্রাণহানী গত ১০ বছরে আগুনে পুড়ে মৃতের সংখ্যার দ্বিগুণ
পরবর্তি সংবাদসিরিয়ায় খোলা আকাশের নিচে উন্মুক্ত পাঠশালা