ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের কিরকুকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে দেশটির রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ঘেরাও করেছে কয়েক হাজার বিক্ষোভকারী ও মিলিশিয়া যোদ্ধা। দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা ‘নো ট্রাম্প, নো আমেরিকা’ স্লোগান দিচ্ছেন। কেউ কেউ ভেতরে পাথর ছুড়েও মারছেন।
নিরাপত্তার আতঙ্কে বাগদাদের দূতাবাস থেকে মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের
রোববার ইরান-সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বিমান। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ছয়াযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে ইরাক বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, তাতে অন্তত ২৫ জন যোদ্ধা নিহত হয়েছিলো। তবে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদারকে হত্যার পর কাতায়েব হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর এই হামলা চালানো হয়েছিল বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
সে ঘটনার প্রতিবাদে আজ দূতাবাসের বাইরে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা তবে যাতে দূতাবাসের ভেতরে ঢুকতে না পারেন, তা ঠেকাতে ইরাকি বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
















