ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমানসহ সাত প্রার্থীর সবারই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।
আরও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।
মনোনয়নপত্রে দেওয়া তথ্য যাচাই-বাছাই করে কোনও গরমিল না পাওয়ায় সবাইকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন মনোনয়নপত্রের এক জায়গায় নিজের নাম লিখতে ভুল করেন। তাকে সেটা পূরণ করার সুযোগ দেওয়া হয়।
মেয়র প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ার পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
















