ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি নানা চাঁদাবাজিসহ নানা অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।
আগামী শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ছাত্রলীগের সাবেক নেতা শোভন ও রাব্বানীকে। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি জানান, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে, আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন রাব্বানীও।
















