কয়েকবার স্থান পরিবর্তনের পর রাসূলকে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

তারিক মুজিব ।।

একাধিকবার স্থান পরিবর্তনের পর অবশেষে ময়মনসিংহ বড় মসজিদ আঙ্গিনায় অনুষ্ঠিত হয় নতুন আইন প্রণয়নের মাধ্যমে রাসূলকে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি এবং ময়মনসিংহ পলিটেকনিকের অনন্ত সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর প্রতিবাদ সমাবেশ।

বিক্ষোভ সমাবেশটি প্রথমে ময়মনসিংহ রেলওয়ে সংলগ্ন কৃষ্ঞচূড়া চত্বরে হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের বাধার মুখে স্থান পরিবর্তন করে বড় মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলে প্রশাসন এখানেও প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেয়নি। পরে ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ ময়মনসিংহ বড় মসজিদ আঙ্গিনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।

ইত্তেফাকুল উলামার মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বড় মসজিদের পেশ ইমাম,শাইখুল হাদীস আল্লামা আব্দুল হক। ইত্তেফাকুল উলামার মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সা’দী। ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ্।

ইসলাম টাইমসকে এসব তথ্য জানিয়ে ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুর রহমান বলেন, অনেক বাধার মুখে অবশেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত কেউ কেউ সংগঠনের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও অনেক পরামর্শ করেই শান্তিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাসূলকে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভোলার ক্ষত শুকানোর আগেই ময়মনসিংহে আবারো রাসূলকে নিয়ে কটূক্তির ঘটনা আমাদের মনে এ সন্দেহ জাগায় কোনো নির্দিষ্ট মহল দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সরকার ও প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা দু’টি দাবি জানান। ১. রাসূলকে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করা। ২. অনন্ত সরকারের দৃষ্টান্তমূলক বিচার করা।

এসময় অনন্ত সরকারের উপর্যুক্ত শাস্তির আশ্বাস জানিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমি মেয়র হিসেবে নয় বরং একজন সাধারণ মুসলমান হিসেবে এ জাতীয় ঘটনার নিন্দা জানাই। অনন্ত সরকারের উপর্যুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। কোনোভাবেই সে আইনের হাত থেকে রেহাই পাবে না। ইতোমধ্যে আইসিটি আইনে করা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে এখন গ্রেফতারও করা হয়েছে।

এর আগে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৫ম পর্বের শিক্ষার্থী অনন্ত সরকার নামে এক হিন্দু যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। পলিটেকনিকের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মারধরের শিকার হলে পুলিশ অনন্ত সরকারকে গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে মামলা দায়ের করে। পরে অনন্ত সরকারকে কলেজ কর্তৃপক্ষ বহিস্কার করে।

পূর্ববর্তি সংবাদসফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস
পরবর্তি সংবাদশিক্ষার্থীরা জুব্বা-রুমাল পরায় বিব্রত কুয়েট কর্তৃপক্ষ!