ইসলাম টাইমস ডেস্ক: নিজেদের শেষ ক্লাসে ভিন্ন কিছু করার নিমিত্তে আরবদের মতো জুব্বা ওমাথায় রুমাল বেধেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা। তবে ছাত্রদের জুব্বা ও রমাল পরার এ ব্যাপারটিকে বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী উল্লেখ করে শিক্ষার্থীরা তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন বলে দাবি করছেন কুয়েট কর্তৃপক্ষ।
গতকাল বুধবার কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসে বিভিন্ন উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কিছু নির্দিষ্ট পোশাক পরিধান করে শোভা বা র্যালীতে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী। এজন্য বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর পরিস্থিতিতে পড়েতে হয়েছে।

এসব ক্ষেত্রে পোশাক নির্বাচনের জন্য নির্দেশনা জারি করে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ দপ্তর, সংশ্লিষ্ট প্রভোস্ট বা বিভাগীয় প্রধানগণের নিকট হতে পোশাক সংক্রান্ত মতামত গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।’
প্রসঙ্গত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা নিজেদের শেষ ক্লাসে আরবদের মতো পোশাক পরে আলোচনায় উঠে এসেছেন।
অনেকে কুয়েট শিক্ষার্থীদের এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করলেও একটি গোষ্ঠী মেতে উঠেছে শিক্ষার্থীদের কঠোর সমালোচনায়।
















