ইসলাম টাইমস ডেস্ক: অনেক চেষ্টা ও অত্যাচার করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অনেক অপবাদ দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা স্মার্ট না, আওয়ামী লীগে শিক্ষিত লোক নেই- কিন্তু যারা নিজেদের স্মার্ট বলে ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের অর্থনৈতিক সক্ষমতার জন্য স্মার্টনেস কাজে লাগিয়েছে। মানুষ কিন্তু তাদের স্মার্টনেস থেকে কিছু পায়নি। রাজনীতির যে স্মার্টনেস, তা আওয়ামী লীগই দেখিয়েছে। আওয়ামী লীগই দেখিয়েছে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হয়।
আজ সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি একথা বলেন।
আজকের বৈঠকটি দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফের নামে উৎসর্গ করা হয়। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যই উপস্থিত আছেন।
শেখ হাসিনা বলেন, অনেক চেষ্টা ও অত্যাচার করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। তৃণমূল কর্মীরা জীবনবাজি রেখে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। দলকে ধরে রাখে। একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করার পরই মানুষ বুঝতে পারে সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে।
















