ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে কর্মকর্তাসহ ভারতীয় ৪ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৩ টার দিকে জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরের কালাল এলাকায় এ ঘটনা ঘটে।
সেনা বাহিনীর এক লেফটেন্যান্টসহ আহত চার সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দু’জন সেনাকে হেলিকপ্টারের সাহায্যে উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামরিক সূত্রে প্রকাশ, সেনাবাহিনীর টহলদারী দল সীমান্তবর্তী অঞ্চলে সফরে ছিল। এই সময় ওই বিস্ফোরণ ঘটে।
এর আগে গত ৩১ ডিসেম্বর, পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা ‘এলওসি’ সংলগ্ন একটি গ্রামে মাইন বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা এক যুবক গুরুতর আহত হন। আরিফ হুসেন (১৯) নামে আহত ওই যুবকের ডান পায়ে আঘাত লাগলে অপারেশন করার পরে চিকিৎসকদের তা বাদ দিতে হয়।
















