ইসলাম টাইমস ডেস্ক : দেশের অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। এমন পরিস্থিতিতে অভিনব এক দাবি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে দেশটির বামপন্থীরা। তাদের দাবি, নাগরিকপঞ্জি নয়, এবার ভারতের বেকারপঞ্জি করা হোক। ৩ জানুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের জিডিপি এখন তলানিতে। ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ। বাজারে আগুন। নাগরিকপঞ্জি-নাগরিকত্ব আইন নিয়ে ডামাডোলের মাঝে হারিয়ে গেছে দেশের অর্থনীতি। চলমান আন্দোলনের সঙ্গে তাই বেকারত্ব নিয়েও রাজপথে নামতে যাচ্ছে বামপন্থী যুব ও ছাত্ররা।
তাদের দাবি, এনআরসি নয়, বরং দেশজুড়ে চালু হোক ‘ন্যাশনাল রেজিস্টার অব বেরোজগারি’ বা এনআরবি। একইভাবে নাগরিকত্ব আইন (সিএএ)-এর বদলে বিএএ চালুর দাবি তুলছে তারা। এই বিএএ-এর পূর্ণরূপ হচ্ছে ‘বেরোজগারি অ্যাবোলিশন অ্যাক্ট’ বা বেকারত্ব বিলোপ আইন।
আগামী ১০ জানুয়ারি থেকে এ সংক্রান্ত ফরম বিতরণ করবে বামপন্থীরা। এতে জানতে চাওয়া হবে, আপনি বেকার নাকি চাকরিজীবী? কাজ করলে কি ধরনের প্রতিষ্ঠান?দৈনিক আয় কত?
বাম ছাত্র-যুবদের দাবি, দেশজুড়ে যেখানে বেকারত্ব সংখ্যা বাড়ছে, দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, সেখানে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সবার কাজ সুনিশ্চিত করতে নতুন আইন আনতে হবে।
ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিএম)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন সায়নদীপ মিত্র। তিনি বলেন, ‘সবার পেটে ভাত, সবার হাতে কাজ চাই আমরা। এনআরসি জুজু দেখিয়ে আতঙ্ক ছড়ালে হবে না। দেশে বেকার বাড়ছে, মোদি বাবু সমাধান করুন।’
প্রসঙ্গত, মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন ও বিতর্কিত নাগরিকপঞ্জির বিরুদ্ধে ভারতে বিক্ষোভ নতুন নয়। তবে এ ধরনের বৈষম্যমূলক আইনের ডামাডোলে হারিয়ে গেছে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো গুরুতর বিষয়গুলো।
















