ইসলাম টাইমস ডেস্ক: যতই মতবিরোধ হোক, বাংলাদেশেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকালে টঙ্গীর ইজতেমা ময়দান চত্বরে এবারের বিশ্ব ইজতেমার অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও ইজতেমা নিয়ে তাবলীগ জামাতের লোকজন দ্বিধাবিভক্ত হয়েছে, তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। যতই মতবিরোধ হোক, বাংলাদেশেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় আগত মুসুল্লিদের যাতে কোনো কষ্ট না হয় এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশী মেহমানদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে সব বিদেশী মেহমানদেরকে ভিসা দেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের মধ্যে মত পার্থক্য থাকলেও তারা সুন্দরভাবে এক জায়গায় ইজতেমা করবে তারা সে ব্যাপারে একমত। তারা অভিমত প্রকাশ করেছেন এবারও যেভাবে প্রস্তুতিটা হয়েছে, যেভাবে কাজ চলছে, সুন্দরভাবে ইজতেমাটা সম্পন্ন হবে।
তাবলীগ জামাতের বিদেশী মেহমানদের এরাইভাল ভিসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসার একটি নিয়মনীতি আছে, নিয়মনীতির মধ্যে থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেটুকু আমরা করব। এ ব্যাপারে ইতোপূর্বে মন্ত্রণালয়ে ইজতেমার মুরুব্বিদের সঙ্গে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি থেকে আলমী শূরার সাথীদের ইজতেমা অনুষ্ঠিত হবে এবং ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে।’
















