আবারও পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, এবার অজুহাত বৃষ্টি

ইসলাম টাইমস ডেস্ক: গেল বছরের শেষের দিকে পেঁয়াজের ঝাঁজে প্রায় নাকাল হয়ে পড়েছিল দেশবাসী। তবে নতুন পেঁয়াজ বাজারে আসা এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি আসতে শুরু করেছিল।

কিন্তু সেই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হলো না। দেশের বাজারে আবারও বাড়তে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আর এবার দাম বাড়ার পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে বৃষ্টির অজুহাত।

গত তিন দিনে রাজধানীর বাজারে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। গতকাল শনিবার তা আবারও ডাবল সেঞ্চুরির পথে।

জানা গেছে, নতুন বছরের প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গত তিন দিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা আর খুচরায় ৭০ থেকে ৮০ টাকা।

গতকাল সকালে খুচরা বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১২০ টাকা। চীন-মিসর থেকে আমদানি করা বড় পেঁয়াজ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল ৫০ থেকে ৬০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘বৃষ্টির কারণে কয়েক দিন ধরে আড়তে পেঁয়াজ সরবরাহ কম। আমরা পাবনা থেকে পেঁয়াজ আনি। সেখানে পেঁয়াজের কেজি পড়েছে ১৬০ থেকে ১৭০ টাকা। মুড়িকাটা কিং পেঁয়াজ যেটা বিদেশি বিজ কিন্তু দেশে উৎপাদন হয় ওই পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। এক সপ্তাহ আগেও এ পেঁয়াজ পাইকারি ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম কমের দিকেই ছিল। বৃষ্টির কারণে দাম বাড়ছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে যাবে।’

এদিকে গত ২৯ সেপ্টেম্বর ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যায় পেঁয়াজের দাম। দেশের বাজারে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়ে ২৮০ টাকা পর্যন্ত কেজিতে পৌঁছে যায়। তবে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পর দাম কিছুটা কমে। এতে গত কয়েক সপ্তাহজুড়ে রাজধানীর বাজারগুলোতে নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১২০ টাকা। কিন্তু এখন ওই পেঁয়াজের দাম আবার ১৮০ থেকে ১৯০ টাকা।

পূর্ববর্তি সংবাদপ্রতিশোধের ইঙ্গিত, মসজিদের চূড়ায় ‘যুদ্ধপতাকা’ উড়ালো ইরান
পরবর্তি সংবাদঅর্থ আত্মসাতের মামলায় এসকে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা