ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রবিবারের ঘটনাটি শুনেছি। মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। এ নিয়ে আমাদের কয়েকটি টিম কাজ করছে। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, কী কারণে, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল জানান, আইন-শৃঙ্খলা বাহিনী এর আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। তাই এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে বের হবে এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হবে।

পুলিশের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

পূর্ববর্তি সংবাদবিজিবির সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত
পরবর্তি সংবাদইসরায়েলকে ধুলায় পরিণত করার হুঁশিয়ারি ইরানের