ইসলাম টাইমস ডেস্ক : সিলেট ছাড়া দেশের বেশির ভাগ এলাকায় আকাশ পরিস্কার। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় রোদ। অবশ্য সন্ধ্যার পর তাপমাত্রা কমে শীত নামছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের বেশির ভাগ স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তা আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে সামান্য বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা বেড়ে শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। নদীতীরবর্তী এলাকাগুলোসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে, রাতে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। রাতে শীতের দাপট বেড়ে যাওয়ায় বোরো ফসল ও রবিশস্যের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান আবারও খারাপ হতে শুরু করেছে। গতকাল দিনের বেশির ভাগ সময় রাজধানীর বায়ুর মান ছিলো খুবই অস্বাস্থ্যকর। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রাত পৌনে ৮টায় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বাতাস দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিলো। ঢাকার পরেই ছিলো ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচির স্থান।
গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিলো রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিলো টেকনাফে ২৭ দশমিক ১ সেলসিয়াস।
















