ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দেখা গেল ব্যাট হাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি ভিসির ব্যাট হাতের ছবিটি ভাইরাল হলে উপাচার্যের সমালোচনায় মুখর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করলেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই লিগের উদ্বোধন করার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধনের সময় উপাচার্যের সঙ্গে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার, শিক্ষক সমিতির নেতা জিয়াউর রহমান প্রমুখ।
এদিকে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ছাত্রীকে আজ দেখতে যাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঘটনার পর রবিবার রাত ও দুপুরে দুইবার দেখে আসলেও আজ হাসপাতালে যাননি তিনি।
সারাদিনে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়েছেন কিনা এমন প্রশ্নে উপাচার্যের প্রটোকল অফিসার আহসানুল কবির মল্লিক বলেন, স্যার গতকাল দুইবার গিয়েছিলেন তবে আজকে যাননি।
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনভর আন্দোলনে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি বিচারের দাবিতে ব্যাচ ভিত্তিকভাবে আন্দোলন-কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।
















