মুফতি মেনকের এক গুচ্ছ ‍টুইট

এনাম হাসান জুনাইদ ।।

মুফতি মেনক। নেটিজেনদের কাছে অনেক পরিচিত মুখ। পুরো নাম মুফতি ইসমাঈল বিন মূসা মেনক। জিম্বাবুয়েতে জন্ম নেয়া বিশ্ববিখ্যাত এক দায়ী আলেম। বিভিন্ন দেশে সামাজিক বিভিন্ন সংকটের ইসলামী সমাধানে তিনি অনেক ভূমিকা রেখে চলেছেন। তিনি জিম্বাবুয়ের গ্রাণ্ড মুফতি হিসাবেও পরিচিত। অনলাইনেও তার খেদমতের পরিধি অনেক বিস্তৃত। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা পাঁচ মিলিয়নের উপরে। তার টুইটগুলো যেন ছড়ানো মুক্তো। নীচে তার কয়েকটি টুইট পাঠকবর্গের খেদমতে পেশ করা হল-

প্রতিদিনই কাউকে না কাউকে বলতে শুনি, আমাদের হাতে সময় নেই। সত্যি বলতে কি, আমাদের আসল সমস্যা, আমরা সময় অনেক নষ্ট করি। এজন্য আমরা টের পাই না সময় কোনদিক দিয়ে যায়। আপনার সময়গুলো কিভাবে ব্যয় করবেন এর একটা তালিকা করুন। কোনো ওযর দেখাবেন না। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আগে করুন। দিন শেষে আপনিই অবাক হয়ে যাবেন আপনার অর্জন দেখে।

****

আপনি যা প্রচার করছেন সে ব্যাপারে একটু সজাগ থাকুন।  আজকাল মানুষ অসত্য, আধা সত্য, অথবা অলীক কথাবার্তায় অভ্যস্ত হয়ে গেছে। মানুষ এজাতীয় জিনিস দেখলে খুশী হয়। আর সত্য কথা বলতে দেখলে শাস্তি দেয়। আপনি সমাজের এই অসুস্থ কালচারে হারিয়ে যাবেন না। আপনি সবকিছু সঠিক উৎস থেকে বলুন। কোনো জিনিস পোস্ট করার আগে যা পোস্ট করছেন তা একবার নয় একাধিকবার পড়ুন।

***

অন্যের উপর দোষ চাপাবেন না। এটা বদ অভ্যাস। এই বদ অভ্যাস বর্জন করুন। কিছু লোকের স্বভাবই হচ্ছে, যত দোষ নন্দ ঘোষ। নিজের যে কোনো সমস্যার জন্যে তারা অন্যকে দায়ী ভাবে। এ জাতীয় লোকেরা কখনো দায়িত্বশীল হতে পারে না। সবকিছুর জন্যে অন্যকে দোষারোপ করা এটা জীবন যাপনের ভয়াবহ এক পদ্ধতি। অন্যের ঘাড়ে দোষ চাপানোর এ মানসিকতা ঝেড়ে ফেলুন। নিজের ভুলটি এখনই খুঁজে বের করুন।

****

কখনো আমরা ভালো ভালো লোককে সামান্য মতপার্থক্যের জন্যে নিন্দা করি। তার মধ্যে যে অনেক ভাল ভাল গুণ রয়েছে সেদিকে ভ্রুক্ষেপ করি না। তার ভাল কাজগুলোকে স্বীকৃতি দিতে চাই না। মনে রাখবেন, নিছক মতবিরোধ কাউকে খারাপ বানিয়ে দেয় না। কে ভদ্রোচিতভাবে মতপার্থক্য করে, আর কে অভদ্রভাবে মতপার্থক্য করে- এই দুই শ্রেণীর লোকের মাঝে পার্থক্য করতে শিখুন।

 

পূর্ববর্তি সংবাদএবার তেহরানে ১৮০ যাত্রী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
পরবর্তি সংবাদঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১জন গ্রেপ্তার