ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ খোয়া যাওয়া সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত দুপুর দেড়টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে জানানো হবে।
র্যাব-১ এর সিও শাফি বুলবুল বলেন, গ্রেপ্তারের পর বুধবার সকালে ওই ব্যক্তির ছবি ভুক্তভোগী ছাত্রীকে দেখানো হয়। ছবি দেখে তিনি ওই ব্যক্তিকে ধর্ষক বলে শনাক্ত করেন। আমরা যাকে ধরেছি তার সামনের দুটি দাঁত নেই- যা ছাত্রীর বক্তব্যের সঙ্গে মিলেছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।
পরে ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অাবিষ্কার করেন। এরপর ওই ছাত্রী ঘটনাস্থল থেকে গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা।
















