ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে আলমী শূরার সাথীদের ২০২০ সালের ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। ইতোমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছেন দেশি বিদেশি অনেক মুরুব্বী। তাবলীগের জামাতের ভারতীয় অন্যতম মুরুব্বী মাওলানা আহমদ লাট সাহেব এবং ইবরাহিম দেওলা সাহেব জামাতসহ কিছুক্ষণ আগে এয়ারপোর্টে অবতরণ করেন।
এদিকে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল বিমানবন্দরে তাদের অর্ভর্থনা জানিয়েছেন।
ইসলাম টাইমসের ইজতেমা মাঠের প্রতিনিধিকে এয়ারপোর্ট এস্তেকবালের জিম্মাদার কাজী কামালুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগেই একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেছেন তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বী মাওলানা আহমদ লাট সাহেব এবং মাওলানা ইবরাহিম দেওলা সাহেব। বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের অর্ভর্থনা জানানো হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে টঙ্গী মাঠে নিয়ে যাওয়া হবে।
কাজী কামালুদ্দীন জানিয়েছেন, তাবলীগের এই শীর্ষ দুই মুরুব্বীর নিরাপদে বাংলাদেশে পৌঁছানোর জন্য শুবরিয়া আদায় করা হচ্ছে এবং ইজতেমার পূর্ণ কামিয়াবির জন্য তাবলীগের সকল পর্যায়ের মুরুব্বীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়েছে।
















