শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, তিন দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির তিন দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নে নয়নগর পূর্বপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত তিথী রাণী সূত্রধর (১০) ময়মনসিংহের গফরগাও উপজেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের মৃত মতি লাল চন্দ্রধরের একমাত্র মেয়ে। তিথী স্থানীয় নিগুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি অনুষ্ঠানে সপরিবারে আসে তিথী রাণী সূত্রধর। অনুষ্ঠান শেষে ফেরার পথে কাপাসিয়ার সিংহশ্রী নয়নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে  ডুবে যায় ট্রলারটি।

ট্রলার ডুবির ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো- মিতালী রাণী সূত্রধর, তার স্বামী বিশ্বজিৎ চন্দ্র সূত্রধর ও তাদের ৬ মাস বয়সী শ্রাবণ চন্দ্র সূত্রধর। মূলত শ্রাবনের অন্নপ্রাশন অনুষ্ঠান থেকেই তারা ফিরছিল।

নিখোঁজ তিথীর ভাই সৌরভ চন্দ্র সূত্রধর জানান, পরিবারের সদস্য ও আত্মীয় মিলিয়ে ২১ জন আশ্রম থেকে ট্রলারে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে বালুবাহী একটি কার্গোর সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সবাই সাঁতরে পাড়ে উঠলেও খোঁজ পাওয়া যায়নি তিথীর।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নদীতে লাশ ভেসে ওঠার পর উদ্ধার তৎপরতা শুরু করে তারা। উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

পূর্ববর্তি সংবাদনিরাপদে বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় দুই শীর্ষ মুরুব্বী আহমদ লাট ও ইবরাহিম দেওলা সাহেব
পরবর্তি সংবাদইরানে ইউক্রেনের বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহীর সবাই নিহত