ইসলাম টাইমস ডেস্ক: কিছু মানুষ খাবারে ফরমালিন দিয়ে ব্যবসার নামে লুটপাট ও গণহত্যা চালাচ্ছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, একজন মানুষকে হত্যার অপরাধে ৩০২ ধারায় যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হয়। অথচ কিছু মানুষ খাবারে ফরমালিন দিয়ে ব্যবসার নামে লুটপাট ও গণহত্যা চালাচ্ছে। দেশের সার্বিক বিষয় চিন্তা করে এদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
আজ বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফরমালিনের বিষক্রিয়ার ফলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। ফলমূল, শাকসবজিসহ সবকিছুতেই এখন ফরমালিন। এসব খাওয়ার ফলে দেশে ক্যান্সার রোগী বাড়ছে। গত ২০-৩০ বছর আগেও এত ক্যান্সার রোগীর কথা আমরা শুনতাম না। অথচ বর্তমানে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার ফলে ক্যান্সারের এ সংখ্যা বাড়ছে। এ কারণে ধীরে-ধীরে আমরা জাতি হিসেবে পঙ্গু হয়ে যাচ্ছি।
















