ইসলাম টাইমস ডেস্ক: দ্বিতীয় রাজ্য হিসেবে পাঞ্জাবের বিধানসভাতেও পাস হল বিতর্কিত মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব। গতকাল শুক্রবার রাজ্যের বিধানসভায় পাস হয় সিএএ বাতিলের প্রস্তাব। এর আগে কেরালার বিধানসভাতেও সিএএ বাতিলের পক্ষে প্রস্তাব পাশ হয়।
পাঞ্জাবের বিধানসভায় শুক্রবার মন্ত্রী ব্রহ্ম মহিন্দ্রা বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, গত ডিসেম্বরে সংসদে পাস হওয়া নতুন নাগরিকত্ব আইন পাঞ্জাবসহ দেশজুড়ে ক্ষোভ ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। এই আইনকে ‘বৈষম্যমূলক’ বলে অভিহিত করা হয়। প্রস্তাবে বলা হয়, এটি স্পষ্ট যে সিএএ দেশের সংবিধানের প্রাথমিক বৈশিষ্ট্য নিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। ফলে সিএএ বাতিলের প্রস্তাব দেয়া হচ্ছে ভারত সরকারকে।
প্রস্তাবে আরও বলা হয়, এনআরসি ও তার সম্ভাব্য প্রথম ধাপ এনপিআর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে দেশের একশ্রেণির নাগরিককে বঞ্চিত করার জন্য।
এর আগে কেরালা রাজ্যসরকার দেশের প্রথম রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিমকোর্টে এই আইনের বিষয়ে ৬০টি পিটিশন জমা পড়েছে।
















