ইসলাম টাইমস ডেস্ক: বি-বাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় আলেম উলামা। শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কাউতলী মোড় পর্যন্ত বিশাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহন করে বিভিন্ন মাদ্রসার কয়েক হাজার শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
আজ সোমবার (২০ জানুয়ারি) কাদিয়ানীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবী ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসা ছাত্রদের উপর হামলাকারী কাদিয়ানীদের গ্রেফতারর দাবীতে এদারায়ে তালিমিয়া, ইসলামী ছাত্র খেলাফতসহ তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লামা সাজিদুর রহমান, মুফতী মোবারক উল্লাহ, মুফতী আব্দুর রহিম কাশেমী, মুফতী এনামুল হাসান, মুফতী কেফায়েত উল্লাহ, মুফতী বেলায়েত উল্লাহ, মুফতী মারুফ কাশেমী, মুফতী নোমান হাবিবি, মুফতী আব্দুল হক, মুফতী আশরাফুল ইসলাম বিল্লাল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, এসব দাবী বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করা হবে। বক্তব্য শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল উলুম আরকাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানবন্ধনের কারণে জেলার ৩শতাধিক কওমী মাদ্রসা বন্ধ রাখা হয়।
















