ইসলাম টাইমস ডেস্ক: জেরুজালেমের একটি গির্জায় প্রবেশের সময় ইসরাইলি নিরাপত্তা রক্ষীদের আচরণে ক্ষিপ্ত হয়ে উঠেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তাদের ‘বেরিয়ে যাও’ বলে ধমক দেন তিনি।
বুধবার জেরুজালেমের সেইন্ট অ্যান চার্চে ফরাসী প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের প্রবেশের সময় এ ঘটনা ঘটে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ফরাসী গণমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাক্রোঁ ও তার প্রতিনিধিরা গির্জাটিতে প্রবেশের সময় ইসরাইলি পুলিশ ও স্থানীয় নিরাপত্তা রক্ষীরা সফরকারীদের অগ্রবর্তী দলকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেরাই গির্জায় আগে প্রবেশের চেষ্টা করে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষেপে যান।
ইসরাইলি নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে উত্তেজিত ম্যাক্রোঁ বলেন, ‘সবাই নিয়মগুলো জানে। আমার সামনে আপনারা যা করেছেন, তা আমি পছন্দ করিনি।’
এরপর ফরাসী প্রেসিডেন্ট আরও উত্তেজিত হয়ে বলেন, ‘বেরিয়ে যাও… বের হও।’ ভিডিওতে ক্ষিপ্ত ফরাসী প্রেসিডেন্টকে এমনটাই বলতে শোনা গেছে।
















