ইসলাম টাইমস ডেস্ক: ইসির নির্দেশনা অনুযায়ী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকার সিটি নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। সিটির সার্বিক পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিষয়ে তিনি বলেন, সিটি নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেখানে যেভাবে মনে করছেন, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
















